সাতক্ষীরায় জেলা প্রশাসকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Date: 2025-11-12
news-banner

“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”—এই বিশ্বাস বুকে ধারণ করে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোস্তাক আহমেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার (১২ নভেম্বর ২০২৫) জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।


সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার। এসময় পুলিশ সুপার বলেন, “জেলা প্রশাসক মহোদয়ের দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, আন্তরিক সহযোগিতা ও পেশাদারিত্ব জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি ছিলেন একজন নিরহংকারী, দূরদর্শী ও মানবিক কর্মকর্তা।”


তিনি আরও বলেন, “বিদায়ের এই মুহূর্তে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নতুন কর্মস্থলে সুস্বাস্থ্য, সফলতা ও আরও গৌরবময় ভবিষ্যতের কামনা করছি।”


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সিভিল সার্জন সাতক্ষীরা ডা. মোঃ আঃ সালাম, অধ্যক্ষ সাতক্ষীরা সরকারি কলেজ মোঃ আবুল হাশেম, অধ্যক্ষ সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ বাসুদেব বসু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এবং প্রশাসন ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা।


অনুষ্ঠান শেষে বিদায়ী জেলা প্রশাসক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সাতক্ষীরায় আমার কর্মজীবনের প্রতিটি মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে। একসাথে কাজ করার এই সুন্দর স্মৃতি আমি চিরকাল হৃদয়ে রাখব।”

Leave Your Comments