গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী ও আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আগামী নির্বাচনে যাতে অংশ নিতে না পারে, সে ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেয়ার ব্যবস্থা নিতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, জাতীয় পার্টি ও ১৪ দলসহ যারা ২০২৪ সালের “ডামি নির্বাচন”-এ অংশ নিয়েছে, তাদের নির্বাচনে সুযোগ দিলে দেশ আবারও অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হবে।
গণঅধিকার পরিষদের নেতা আরও বলেন, যদি আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, তারা পরবর্তী নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। এছাড়া, নিবন্ধনের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসর এমন কোনো দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা হলে, গণঅধিকার পরিষদ তার বিরুদ্ধেও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।