রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১২ নভেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হলে মেরামতের জন্য মেকানিক আনা হয়। বারবার চেষ্টা সত্ত্বেও গাড়িটি চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। এক পর্যায়ে ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যায়, ফলে মেকানিক সামান্য আহত হন।
ডিএমপি আরও জানিয়েছে, সামাজিক মিডিয়ায় বিষয়টি ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে এটি নিছক একটি দুর্ঘটনা এবং এর বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, সকালে রাজধানীর উত্তরায় ইঞ্জিন ওভারহিটের কারণে একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে, যা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে।