ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক, সিরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের চেষ্টা

Date: 2025-11-12
news-banner

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, আল-কায়েদার সাথে সিরিয়ার সম্পর্ক এখন অতীত। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল-শারা উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এই বিষয়টি আলোচিত হয়নি। তিনি বলেন, তার লক্ষ্য হলো যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ঐক্যবদ্ধ করা এবং কয়েক দশক ধরে চলা আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটানো।

এর আগে, গত সোমবার আল-শারা ও ট্রাম্পের মধ্যে ওভাল অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়। ছয় মাস আগে সৌদি আরবে প্রথম সাক্ষাতের পর মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা জানিয়েছিলেন। বৈঠকে আরোপিত নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, আল-শারা এবং ট্রাম্প উভয়ই সিরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তৎপর। আলোচনায় উভয় রাষ্ট্রপতি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও আলোকপাত করেছেন।

উল্লেখ্য, এটি ছিল ওয়াশিংটনে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার প্রথম সফর। ১৯৪৬ সালে দেশটির স্বাধীনতার পর হোয়াইট হাউসে আসা প্রথম সিরিয়ান নেতা ছিলেন আল-শারা।

Leave Your Comments