ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ৭০ জনেরও বেশি পেশাদার ক্রীড়াবিদ। তারা দেশটিকে ফুটবল ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
‘অ্যাথলেটস ফর পিস’ নামের সংগঠনসহ মানবাধিকার সংস্থাগুলো একত্রিত হয়ে ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন (উয়েফা) সভাপতির কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, যেকোনো গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধে জড়িত দেশকে আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয়।
‘গেম ওভার ইসরায়েল’ শিরোনামের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলকে ক্রীড়া এবং সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণের জন্য বাধা দেওয়া একটি যৌথ নৈতিক দায়িত্ব।
এই আহ্বানে সমর্থন দিয়েছেন ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলারের পল পগবা, ডাচ ফরোয়ার্ড আনোয়ার এল গাজি, মরক্কোর হাকিম জিয়েখ, স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রাওরেসসহ নানা দেশের খেলোয়াড়রা। এছাড়া হিন্দ রজব ফাউন্ডেশন ও গাজা ট্রাইব্যুনালসহ অন্যান্য মানবাধিকার সংস্থাও এতে স্বাক্ষর করেছে।
চিঠিতে অনুরোধ করা হয়েছে, উয়েফা যেন ইসরায়েলকে তার টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করে, বিশেষ করে গাজায় পরিচালিত নৃশংসতার প্রেক্ষিতে। তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাচিওসমানোগলু এবং আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও একই দাবি জানিয়েছে।
যদিও যুক্তরাষ্ট্র–মধ্যস্থ যুদ্ধবিরতি ইসরায়েলের গাজায় হামলা আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে, তবু ইসরায়েল মানবিক সহায়তায় বাধা দিচ্ছে এবং ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে। চলতি সংঘাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯,১৮২, যার মধ্যে ৪২১ জন ফুটবলার রয়েছেন।