রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে, গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অক্টোবর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪টি মিছিলে জড়িত থাকার অভিযোগে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের তারিখ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্ধারিত হওয়ায় সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে বিজিবি, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।