শেখ হাসিনার মামলার রায়ের আগেই রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা, বিজিবি ও পুলিশ মোতায়েন

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণা হবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এই পরিস্থিতিতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য নাশকতা রোধে ১৪ প্লাটুন বিজিবিসহ বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও প্রধান প্রধান সড়কগুলোতে সকাল থেকেই বিজিবি সদস্যদের অবস্থান দেখা গেছে।


ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ১৩ নভেম্বর নিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এই সময় পর্যন্ত কোনো শঙ্কার কারণ নেই। নিরাপত্তা বাড়াতে ট্রাইব্যুনালেও বিভিন্ন স্তরে ব্যবস্থা নেওয়া হয়েছে।