দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
উত্তরাঞ্চলের এই সীমান্তবর্তী এলাকায় প্রতিদিনই কমছে তাপমাত্রা, ফলে জেঁকে বসছে শীত। সন্ধ্যার পর থেকেই বইছে হিমেল বাতাস, তার সঙ্গে যোগ দিচ্ছে ঘন কুয়াশা।
শীত বাড়ায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক ও গরম কাপড়ের দোকানগুলোতে। রাস্তার ধারে শুরু হয়েছে পিঠাপুলির জমজমাট আয়োজন। স্থানীয়রা পরিবার-পরিজন নিয়ে উপভোগ করছেন শীতের পিঠার স্বাদ।
তবে ঠান্ডা আবহাওয়ার সঙ্গে বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টে বেশি ভুগছেন। ফলে স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান,
“আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল ৯টায় এটি ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনেই ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। নভেম্বরের শেষের দিকে আরও শীত বাড়তে পারে।”