ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ১৭টি মামলা এবং ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি জানান, অক্টোবর থেকে এ পর্যন্ত নিষিদ্ধ দলের ১৪টি মিছিলে জড়িত থাকার অভিযোগে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগকে ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল। অপ্রাপ্তবয়স্করাও মিছিলে ব্যবহৃত হয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, মেস-হোটেলে ভাড়াটিয়া তোলার ক্ষেত্রে ভোটার আইডি যাচাই, পরিবহন নিরাপদ রাখা ও নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। ১৩ নভেম্বরের জন্য কোনো শঙ্কার কারণ নেই এবং আইনজীবীরা আদালতে যেতে বাধাপ্রাপ্ত হবেন না।