‘মা, আমাকে ক্ষমা করে দিও’—স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

Date: 2025-11-11
news-banner

গাইবান্ধা প্রতিনিধি:


গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফেসবুকে ‘মা, আমাকে ক্ষমা করে দিও’ লিখে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরই বিষপান করে আত্মহত্যা করেছেন মানিক সরকার (৩২) নামের এক যুবক।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই গ্রামের শ্রী মোনজ সরকারের ছেলে।


পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে ঘুমাতে যান মানিক। গভীর রাতে তিনি নিজের ঘরে বিষপান করেন। সকালে দীর্ঘক্ষণ ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে অচেতন অবস্থায় পান। পরে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পরিবারের দাবি, দীর্ঘদিন চাকরি না পাওয়া এবং আর্থিক সংকটের কারণে মানিক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বগুড়ার আজিজুল হক কলেজ থেকে অনার্স শেষ করলেও চাকরির সুযোগ না পাওয়ায় হতাশ ছিলেন তিনি।


এর আগে সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে শেষ স্ট্যাটাসে মানিক লিখেছিলেন—

“আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, খুব একা অনুভব করছি। নিজের ভাগ্যের প্রতি ভীষণ অভিযোগ আছে… তবুও বাস্তবতাটা মেনে নিতেই হচ্ছে। গত ৩-৪ বছর ধরে শারীরিক ও মানসিক যন্ত্রণা আমাকে ভেঙে দিয়েছে। এত কষ্টের চেয়ে মৃত্যু আমার কাছে সহজ মনে হয়েছে। আমাকে ক্ষমা করে দিও মা… তোমাদের জন্য কিছু করতে পারলাম না।”


বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেকারত্ব ও হতাশা থেকেই মানিক আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

Leave Your Comments