ঝিনাইগাতী বাজার বড় মসজিদের স্থাপন কাজের অনিয়ম প্রসঙ্গে সংবাদ সম্মেলন

Date: 2025-11-11
news-banner

তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধি:


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী ঝিনাইগাতী বাজার বড় মসজিদের নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মসজিদের সাবেক কমিটির সদস্যরা।


মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইগাতী বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক কমিটির সভাপতি আলহাজ্ব মো. লুৎফুর রহমান। উপস্থিত ছিলেন সাবেক কমিটির সদস্য মো. বাদশা মিয়া, মো. আবু বক্কর বিএসসি, হাফেজ মো. আব্দুল আজিজ, আলহাজ্ব মো. জহুরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।


সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান বিতর্কিত নবগঠিত কমিটি কোনো নিয়ম-কানুন না মেনে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে মসজিদ মার্কেট ও পাঁচতলা ভবনের ভিত্তি স্থাপন কাজ শুরু করেছে। তারা টেন্ডার ছাড়াই দোকান বরাদ্দ দিয়ে কোটি টাকারও বেশি জামানত বাবদ অর্থ আদায় করেছেন বলেও অভিযোগ করেন বক্তারা।


সাবেক কমিটির নেতারা বলেন, “মসজিদের পবিত্রতা ও স্বচ্ছতা রক্ষায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও সৎ ব্যক্তিদের নিয়ে একটি জবাবদিহিমূলক কমিটি পুনর্গঠন করা জরুরি।”


এ বিষয়ে তারা ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা বিষয়টির স্বচ্ছ তদন্ত ও ন্যায়সঙ্গত সমাধান চেয়েছেন।

Leave Your Comments