মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় গ্রাম আদালতের উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের বোদা উপজেলা কো-অর্ডিনেটর আতিকা ইসলাম, বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান বাবু প্রমুখ।
প্রশিক্ষণটি আয়োজন করেছে উপজেলা প্রশাসন, যা বাস্তবায়ন করছে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প — স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায়।
প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও রবিউল ইসলাম বলেন,
“গ্রাম আদালত প্রান্তিক জনগোষ্ঠীর ছোট ছোট বিরোধ সহজে নিষ্পত্তি করে উচ্চ আদালতের মামলার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন মানুষ গ্রাম আদালতে ন্যায্য বিচার পেয়ে অনেকটাই সন্তুষ্ট।”
তিনি আরও বলেন,
“প্রতিটি ইউনিয়নের ওয়েব পোর্টাল নিয়মিত আপডেট রাখতে হবে, যাতে ঢাকায় বসেই যে কেউ সংশ্লিষ্ট ইউনিয়নের তথ্য জানতে পারেন।”
এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।