১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ : আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে

Date: 2025-11-11
news-banner

আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো রাজধানী ঢাকায় সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।


তিনি বলেন, সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সতর্ক রয়েছে এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে, রাস্তার ধারের পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে এবং সাধারণ জনগণকে সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।


উল্লেখ্য, অস্ত্র উদ্ধারের কার্যক্রমও অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অসামঞ্জস্য ঘটেনি। তিনি সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান এবং সন্ত্রাসীদের কোনো ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “সন্ত্রাসীরা অনেক সময় দ্রুত জামিন পেয়ে যায়, তাই যারা জামিন দেন তাদেরও অনুরোধ থাকবে যেন সহজে জামিন না দেন।”


জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনকভাবে চলছে। প্রস্তুতি শেষ হলে একটি মহড়াও অনুষ্ঠিত হবে, যাতে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।

Leave Your Comments