লেবাননে প্রায় এক দশক বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি। সোমবার (১০ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ তাকে ৯ লাখ ডলারের বন্ডে জামিনে কারামুক্তি দিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যদিও হানিবাল গাদ্দাফি কারামুক্ত হয়েছেন, তবে আপাতত তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে। মুক্তি দেয়ার প্রক্রিয়ায় বিচারকাজ সম্পন্ন না হওয়ায় বিভিন্ন মানবাধিকার সংস্থা এই সিদ্ধান্তের সমালোচনা করেছে।
হানিবাল গাদ্দাফিকে ২০১৫ সালে লেবাননের কর্তৃপক্ষ আটক করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আলোচিত শিয়া নেতা মুসা আল-সদরের নিখোঁজ মামলায় তথ্য গোপনের। জানা যায়, হানিবালকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নেওয়া হয়েছিল।
মুসা আল-সদর ছিলেন লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৭৮ সালে তিনি লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন।