রিয়াদের এক ফিটনেস স্টুডিওতে ডজনখানেক নারী আরবি সুরে বেলি ড্যান্সের কৌশল শিখছেন। সৌদি আরবের রক্ষণশীল সমাজে এমন নৃত্য শেখা এখনও বেশ গোপন। অংশগ্রহণকারীরা তাদের আসল নাম প্রকাশ বা মুখ দেখাতে রাজি হননি।
বেলি ড্যান্স বহু যুগ ধরে আরব সমাজে শিল্প, বিনোদন ও চলচ্চিত্রের অংশ। সম্প্রতি বিশ্বজুড়ে নারীদের মধ্যে এটি শরীরচর্চা ও আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে জনপ্রিয় হলেও সৌদিতে নারীদের জন্য আলাদা, সীমিত কক্ষে এ ক্লাস অনুষ্ঠিত হয়।
এক অংশগ্রহণকারী বলেন, “আমরা রক্ষণশীল সমাজে বাস করি। বেলি ড্যান্সকে যৌন আবেদনময় হিসেবে দেখা হয়। পরিবারের কেউ চাইবে না, অন্য পুরুষরা আমাদের এভাবে দেখুক।” তাই পরিচয় গোপন রাখা এবং ক্লাসে ছবি বা ভিডিওর জন্য সতর্ক থাকা অপরিহার্য।
ক্লাসে দুইজন প্রশিক্ষক রয়েছেন। তারা নিজেদের ‘ড্যান্সার’ নয়, ‘কোচ’ হিসেবে পরিচয় দেন। তাদের একজন ওনি বলেন, “আমরা নাচকে খেলাধুলার আঙ্গিকে তুলে ধরেছি। সৌদিরা আনন্দ করতে ও জীবন উপভোগ করতে চায়, তবে ধর্ম ও শালীনতার সীমার মধ্যে থেকে।”
রিয়াদজুড়ে নারীদের জন্য যোগব্যায়াম, বক্সিং ও বেলি ড্যান্স স্টুডিও সম্প্রতি গড়ে উঠেছে। পুরুষ ও নারীর আলাদা ক্লাস এখনও কঠোরভাবে পালন করা হয়। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিসা উরকেভিচ বলেন, “বেলি ড্যান্স আরব উপদ্বীপের বাইরে উৎপন্ন হওয়ায় স্থানীয় নাচের চেয়ে বেশি উদ্দীপক, তাই অনেক পরিবার মেয়েদের এতে অংশ নিতে দেয় না।”
ওনি আরও বলেন, “আমাদের ক্লাস শুধুই ফিটনেস নয়, নারীদের আত্মবিশ্বাস ও শক্তি জাগিয়ে দেয়। নাচ আমাদের একত্র করে, ভেতরের শক্তি জাগায়।”