ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম টাইমস নাউ এই তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলতে হবে, জনাকীর্ণ স্থান থেকে দূরে থাকতে হবে এবং স্থানীয় সংবাদমাধ্যমে হালনাগাদ খবর পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া আশপাশের ঘটনার বিষয়ে সচেতন থাকতে এবং পর্যটক-সমাগম হয় এমন স্থানগুলোতেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
অন্যদিকে যুক্তরাজ্য সরকারও ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এছাড়া ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের কয়েকটি এলাকা, যেমন পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ ও শ্রীনগর শহরে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন ছিলেন। এটি আত্মঘাতী হামলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরিত গাড়িটি হুন্ডাই আই-২০ মডেলের ছিল এবং এতে যাত্রীদের শরীরে কোনও গুলির চিহ্ন পাওয়া যায়নি। সব দিক থেকে তদন্ত চলছে।