দেশের বাজারে আজ (১১ নভেম্বর ২০২৫) থেকে স্বর্ণের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামের মধ্যে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অন্তর্ভুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে, গত ১ নভেম্বর ২০২৫ সালে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর পর্যন্ত মোট ৭৪ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫১ বার দাম বৃদ্ধি এবং ২৩ বার দাম কমানো হয়েছে।