আবু সাঈদ হত্যা মামলায় ১১তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ

Date: 2025-11-11
news-banner

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ (১১ নভেম্বর) ১১তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।


ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ সাক্ষ্যগ্রহণ পরিচালনা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


আজ দুজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার সম্ভাবনা রয়েছে। এর আগে সোমবার (১০ নভেম্বর) সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের প্রত্যক্ষদর্শী ও নেতা আকিব রেজা খান। তিনি ১২ নম্বর সাক্ষী হিসেবে হত্যাকাণ্ডের পুরো বিবরণ দেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ রংপুরের তৎকালীন পুলিশ কর্মকর্তাদেরও দায়ী করেন।


সাক্ষ্যগ্রহণের সময় পলাতক ও উপস্থিত আসামিদের পক্ষে স্টেট ডিফেন্সসহ আইনজীবীরা জেরা করেন। প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম ও সুলতান মাহমুদ।

মামলায় সাক্ষ্যগ্রহণের দিন কয়েকবার পিছিয়েছে। ১৩ অক্টোবর ও ২১ অক্টোবর সাক্ষী হাজির না হওয়ায় দিন পিছিয়ে দেয়া হয়। গত ৬ অক্টোবর নবম দিনে পুলিশের দুই উপপরিদর্শক এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল জবানবন্দি দেন।


এর আগে সেপ্টেম্বর মাস জুড়ে মামলায় বিভিন্ন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে। সাক্ষীদের মধ্যে রয়েছেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম এবং এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক।


আজকের সাক্ষ্যগ্রহণে মামলার তদন্ত ও প্রমাণ উপস্থাপনার গুরুত্বপূর্ণ ধাপ এগোবে।

Leave Your Comments