দুর্গাপুর,নেত্রকোণা প্রতিনিধি:
সোমবার (১০ নভেম্বর) দুপুরে নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি।
স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক আলিফ ফকির সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন কাঠের সেতু নিয়ে প্রতিবেদন তৈরির জন্য ভিডিও ধারণের সময় হামলার শিকার হন। হামলাকারীরা চাপাতি নিয়ে তার ওপর কোপ বসিয়ে বিভিন্ন স্থানে আঘাত করে। একই সময় উপস্থিত রূপসী বাংলা টেলিভিশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাহজাহান শেখ তাকে রক্ষা করার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে আসায় হামলাকারীরা পালিয়ে যায়।
আহত সাংবাদিককে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে, তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।