বিবিসি শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের পর হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির ব্যঙ্গ

Date: 2025-11-10
news-banner

ওয়াশিংটন: বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেস পদত্যাগের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট তাদের পদত্যাগকে ব্যঙ্গ করেছেন।

দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ বিতর্কিত প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে। ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে তৈরি এই প্রামাণ্যচিত্রের জন্য বিবিসি সমালোচনার মুখে পড়েছিল।

ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে ‘shot/chaser’ ক্যাপশন দিয়েছেন, যা একটি জনপ্রিয় ব্যঙ্গাত্মক মিম ফরম্যাট।


প্রথম প্রতিবেদনটি দ্য টেলিগ্রাফ-এর, যেখানে লেখা ছিল ট্রাম্প বিবিসির সঙ্গে ‘যুদ্ধে’ যাচ্ছেন। দ্বিতীয়টি ছিল বিবিসির নিজস্ব সংবাদ, যেখানে জানানো হয় টিম ডেভি পদত্যাগ করেছেন।

পদত্যাগের কারণ নিয়ে টিম ডেভি বলেন, “কিছু ভুল হয়েছে,” কিন্তু বিশেষ কিছু উল্লেখ করেননি। ডেবোরা টারনেস বলেন, “প্যানোরামা অনুষ্ঠানের বিতর্ক বিবিসির সুনাম ক্ষুণ্ণ করছে।”

সম্প্রতি অভিযোগ উঠেছে, বিবিসি ট্রাম্পের বক্তব্যের ভিডিও ফুটেজ বিকৃত করে প্রচার করেছে, যাতে জনসাধারণ বিভ্রান্ত হয়। লেভিট ইতিমধ্যেই বিবিসিকে ‘বামপন্থী প্রচারণা যন্ত্র’ এবং ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ বলে অভিহিত করেছিলেন।


বিবিসি মূলত ব্রিটেনে বাধ্যতামূলক বার্ষিক লাইসেন্স ফি এবং যুক্তরাজ্য সরকারের ওয়ার্ল্ড সার্ভিস বাজেটের এক-তৃতীয়াংশ অর্থায়নে চলে।

যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী লিসা ন্যান্ডি বলেন, “টিম ডেভির অবদান জনগণের জন্য অনন্য। বিবিসিকে নতুন যুগে নিজেদের মানিয়ে নিতে হবে এবং জাতীয় জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা বজায় রাখতে হবে।”

Leave Your Comments