ভারতে প্রথমবার মেট্রোতে ফুসফুস পরিবহন, রেকর্ড গড়ল চেন্নাই হাসপাতাল

Date: 2025-11-10
news-banner

ভারতের চিকিৎসা ইতিহাসে এক অভিনব ঘটনা ঘটেছে—প্রথমবারের মতো মেট্রো রেল ব্যবহার করে একজন দাতার ফুসফুস পৌঁছে দেওয়া হয়েছে রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য। কর্ণাটকের বেঙ্গালুরু থেকে শুরু হওয়া এই অঙ্গ পরিবহনের যাত্রা শেষ হয়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে।


চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL) গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স (X)’–এ একটি পোস্টে জানায়, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স (NIMHANS) থেকে অঙ্গ পরিবহন দলের সদস্যরা দাতার ফুসফুস নিয়ে প্রথমে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তাঁরা মেট্রো রেলে চড়ে ২১ মিনিটে ফুসফুসটি নির্দিষ্ট হাসপাতালে পৌঁছে দেন।

বিমানবন্দরের পাশের মিনামবাক্কম মেট্রো স্টেশন থেকে বিকেল ২টা ৭ মিনিটে তাঁরা যাত্রা শুরু করেন এবং সাতটি স্টেশন অতিক্রম করে ২টা ২৮ মিনিটে এজি–ডিএমএস স্টেশনে পৌঁছান। এরপর অ্যাম্বুলেন্সে করে তাঁরা দ্রুত অ্যাপোলো হাসপাতালে যান।


অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই যাত্রাপথে ফুসফুস পরিবহনের জন্য একটি ‘গ্রিন করিডর’ তৈরি করা হয়, যাতে যানজট বা বিলম্ব ছাড়াই অঙ্গটি দ্রুত পৌঁছানো যায়। চেন্নাই ট্রাফিক পুলিশ, চেন্নাই মেট্রো রেল ও হাসপাতাল প্রশাসন যৌথভাবে এই অসাধারণ সমন্বয় নিশ্চিত করে।


পরে অ্যাপোলো হাসপাতালে পূর্বনির্ধারিত সময়ে সফলভাবে ফুসফুস প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এটি তামিলনাড়ু রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো মেট্রো ব্যবহার করে অঙ্গ পরিবহনের ঘটনা। এর আগে হায়দরাবাদ ও বেঙ্গালুরু মেট্রো রেলেও অনুরূপভাবে অঙ্গ পরিবহনের নজির তৈরি হয়েছিল।

Leave Your Comments