আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মুঠোফোন ব্যবহারে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দায়িত্ব পালনের সময় অতিরিক্ত মোবাইল ব্যবহার পুলিশের মনোযোগ কমিয়ে দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
আজ সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে দায়িত্ব পালনের সময় অনেক পুলিশ সদস্য মুঠোফোন ব্রাউজ বা ব্যবহার করছেন, ফলে তাঁদের সতর্কতা ও দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটছে। এর ফলে পুলিশ দৃশ্যমান থাকলেও জননিরাপত্তা ও নিজস্ব নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বে থাকা ইনচার্জ ছাড়া অন্য সদস্যদের মুঠোফোন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হলো।
কোনো পুলিশ সদস্য এ নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “মোবাইল ব্যবহার না করার মানে এই নয় যে তাঁরা কল ধরতে পারবেন না। মূল লক্ষ্য হলো দায়িত্বের প্রতি আরও মনোযোগী থাকা।”
সম্প্রতি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কর্মসূচি ‘ঢাকা লকডাউন’ ঘিরে রাজধানীতে টানটান পরিস্থিতি বিরাজ করছে। সোমবার রাজধানীর চারটি স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সড়কে পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটায়, মুঠোফোন ব্যবহারে সতর্কতা নির্দেশ জারি করল ডিএমপি।
গতকাল রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মোতায়েন থাকবে।