গাজীপুরে বিএনপি নেতা তানভীর সিদ্দিকীর ছেলের বিরুদ্ধে থানায় দুই শ্রমিক নেতার অভিযোগ

Date: 2025-11-10
news-banner

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে অভিযোগ দায়ের করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন এবং কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ।


অভিযোগে বলা হয়েছে, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী সাম্প্রতিক সময়ে জাতীয় ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করছেন। এর আগে তাঁর এসব কর্মকাণ্ডের কারণে একাধিক মামলাও হয়েছে এবং তিনি জেলও খেটেছেন।

গত শুক্রবার (৮ নভেম্বর) তাঁর নিজস্ব ফেসবুক আইডি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এছাড়া, গত ৯ নভেম্বর ইরাদ আহমেদ কালিয়াকৈর রেলস্টেশনসংলগ্ন এলাকায় সাংবাদিক সম্মেলনে দাবি করেন যে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে আ ক ম মোজাম্মেল হকজাহাঙ্গীর আলমের সঙ্গে। শ্রমিক নেতারা অভিযোগ করেছেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।

কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ তাঁর অভিযোগে বলেন, ইরাদ আহমেদ সম্প্রতি ভারতে গিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দেশে ফিরে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছেন।


বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান বলেন, “ইরাদ আহমেদ সিদ্দিকী খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অপমানজনক মন্তব্য করছেন এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন।”

কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওয়ালিদুর রহমান জানান, “তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদের বিরুদ্ধে দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave Your Comments