চট্টগ্রামের রাউজানে এক বছর আগে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজারসংলগ্ন আইয়ুব আলী সওদাগরের বাড়ির পেছনের একটি পুকুর সেচে এসব অস্ত্র উদ্ধার হয়।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি চায়নিজ রাইফেল, একটি শটগান ও সাত রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলো প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো অবস্থায় পানির নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রগুলো গত বছরের ৫ আগস্ট রাউজান থানা থেকে লুট হয়েছিল। সম্প্রতি বিএনপি কর্মী আবদুল হাকিম হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামির দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—মুহাম্মদ শওকতের ছেলে মো. সাকিব (২০) ও মুহাম্মদ সোবহানের ছেলে মো. শাহেদ (২৫)। তাদের দেওয়া তথ্যে এর আগে সকালে আরও চারটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, ৪২ রাউন্ড রাইফেল গুলি, ১৯টি পিস্তলের গুলি, শটগানের ১৬ কার্তুজ, সাতটি খালি ম্যাগাজিন, একটি রকেট ফ্লেয়ার, দুটি রামদা, ৫০টি ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট এলাকায় প্রাইভেটকারে গুলি চালিয়ে বিএনপি কর্মী আবদুল হাকিমকে হত্যা করা হয়। ঘটনায় তার গাড়িচালকও আহত হন। হত্যাকাণ্ডের দুই দিন পর নিহতের স্ত্রী তাসফিয়া আলম বাদী হয়ে মামলা করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডে জড়িত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হত্যায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “রাউজানে এখন অন্তত ছয়টি সন্ত্রাসী গ্রুপ সক্রিয়। পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে—হয় পুলিশ থাকবে, নয় সন্ত্রাসী।”