৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে চাকরিপ্রার্থীদের আয়োজিত কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের অভিযোগ উঠেছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে ‘লংমার্চ টু পিএসসি’ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে অবস্থান নেন। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ সরে যেতে বললেও তাঁরা অবস্থান চালিয়ে যান। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে চাকরিপ্রার্থীরা ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় অন্তত দুই মাস বাড়ানোর দাবি জানান। তাঁরা পিএসসিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন এবং সময় না বাড়ালে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার মাত্র ৪০ দিন সময় দেওয়া হয়েছে। এতে অনেক প্রার্থী পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারছেন না এবং মেধাভিত্তিক প্রতিযোগিতা ব্যাহত হতে পারে বলে তাঁদের আশঙ্কা।
এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন,
“আমাদের লক্ষ্য এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করা। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। প্রশ্নপত্রের মান উন্নত করা হবে এবং সবাই সমান সুযোগ পাবে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।