আবু জাফর বিশ্বাস, বরিশালঃ “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে বরিশাল জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, সহযোগিতা করে উপজেলা প্রশাসন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদার ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আইউব আলী হাওলাদার।
আলোচনা শেষে প্রধান অতিথি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে সাদাছড়ি তুলে দেন। বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল ও নিরাপদ চলাচলের প্রতীক হচ্ছে সাদাছড়ি। এর মাধ্যমে তারা সমাজে মর্যাদার সঙ্গে চলাফেরা করতে পারেন।
উল্লেখ্য, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান জানাতে ১৯৬৪ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে আসছে।