বরিশাল-১ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান ফেসবুকে ছেলের বিরুদ্ধে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। ঘটনাটি ঘটে ছেলের জাতীয়তাবাদী বক্তব্যের পর।
জানা গেছে, গত ৭ নভেম্বর বরিশালের গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে আরাফাত বিল্লাহ খান বক্তব্য দেন। তিনি বলেন, “আমার বাবা হাফেজ কামরুল ইসলাম খান জামায়াত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন, কিন্তু আমি জীবনের শেষ দিন পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করব। ভোটারদের স্বার্থে আমরা স্বপন ভাইকে বিজয়ী করব।”

এ ঘটনার পর জামায়াত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান ফেসবুকে লিখেছেন, “আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি, চাপ সৃষ্টি করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আমি একজন ব্যর্থ পিতা। জামায়াত ইসলামী থেকে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমার বড় ছেলের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করেছি।”

পরে তিনি পোস্টটি দলের কেন্দ্রীয় নেতাদের অনুরোধে ডিলিট করেন। অপর একটি পোস্টে কামরুল ইসলাম খান বলেন, “ছেলের বক্তব্য ভোটে কোনো প্রভাব ফেলবে না। আমরা মাঠে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নেমেছি; বিজয়ের মালা জামায়াত ইসলামীই পাবে।”
জামায়াত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্রের নির্দেশে প্রথম পোস্টটি ডিলিট করা হয়েছে।