পিরোজপুর-২: সোহেল মনজুর সুমন বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মানে ঐক্যবদ্ধ থাকতে হবে

Date: 2025-11-10
news-banner

পিরোজপুর-২ (নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন সোমবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সম্মানে দলের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


তিনি বলেন, “পিরোজপুর-২ আসনে আমি সহ চারজন মনোনয়নপ্রত্যাশী ছিলাম। আমাদের ঢাকার গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘আমার মা ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তবুও আপনাদের ছেড়ে যাননি। আপনারা তাঁর জন্য কাজ করতে পারেন।’ যিনি এত ত্যাগ স্বীকার করেছেন, তার সম্মানে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।”


সোহেল মনজুর সুমন আরও বলেন, “মনোনয়ন ঘোষণা দিন আমি নেছারাবাদে ছিলাম, বাকিরা ঢাকায়। পরে তাদের সঙ্গে কথা বলে অনুরোধ করেছি, তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমাদের সবাইকে জাতীয়তাবাদী এক পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের স্বার্থে সবাইকে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করতে হবে।”


তিনি অভিযোগ করেন, “মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। ফ্যাসিস্ট সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন। এখন নির্বাচনের পরিবেশ ফিরছে। ঠিক এই সময়ে একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে জনগণ তা মেনে নেবে না। 


আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেবে।”


আহম্মদ সোহেল মনজুর সুমন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave Your Comments