বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম মন্তব্য করেছেন, আগামী ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন না হলে তার দায়ভার বর্তমান অন্তর্বর্তী সরকারের কাঁধে থাকবে।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে সাত দিনের মধ্যে ঐক্যবদ্ধ নির্দেশনা চাওয়া হয়েছিল। তবে আজ সোমবার সেই সময়সীমা শেষ হওয়া সত্ত্বেও কোনো ঐকমত্য হয়নি। হাসনাত কাইয়ূম বলেন, রাজনৈতিক দলগুলো এখন দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। তারা নির্বাচন প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে ভিন্নমত প্রকাশ করছে, যা রাষ্ট্র ও জনগণের জন্য দুর্ভাগ্যজনক।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সরকার যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সমাধান করতে না পারে, তাহলে তা জনগণের সামনে প্রকাশ করতে হবে। জনগণকে স্পষ্ট করা প্রয়োজন যে, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দায়ভার সরকারের উপরই বর্তাবে।
হাসনাত কাইয়ূমের মতে, সরকারের উচিত ইনফরমালি হলেও বিবাদমান রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসা এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ ও সময়মতো সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।