রাজশাহী-৫ আসনে বিএনপিতে প্রার্থী পরিবর্তনের দাবি, ত্যাগী নেতাদের মনোনয়ন চান স্থানীয় নেতা–কর্মীরা

Date: 2025-11-10
news-banner

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের পরিবর্তনের দাবি জানিয়েছে দলটির স্থানীয় নেতা–কর্মীদের একটি অংশ। তারা বলেছেন, বর্তমান প্রার্থী ‘জনবিচ্ছিন্ন’ এবং ত্যাগী, জনপ্রিয় নেতাদের মধ্যে থেকে কাউকে মনোনয়ন দেওয়া উচিত।


রোববার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিন মনোনয়নপ্রত্যাশী নেতা—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, পুঠিয়া উপজেলা সাবেক সহসভাপতি ইশফাক খায়রুল হক ও প্রয়াত নেতা নাদিম মোস্তফার ছেলে জুলফান নাঈম মোস্তফা। সংবাদ সম্মেলনে কয়েকশ নেতা–কর্মী বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের পছন্দের প্রার্থীর পক্ষে স্লোগান দেন।

লিখিত বক্তব্যে নেতারা উল্লেখ করেছেন, ১৯৯৬ সালের আগে রাজশাহী-৫ আসনটি বিএনপির দখলে ছিল না। সে সময়ে নাদিম মোস্তফাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হন। কিন্তু নজরুল ইসলাম মন্ডল ১৯৯৬ সালে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জামানত হারিয়েছিলেন।


নেতারা দাবি করেছেন, যারা দুঃসময়ে মামলা-হামলার শিকার হয়েছেন, ব্যবসা-বাণিজ্য হারিয়েছেন এবং দীর্ঘদিন নেতা–কর্মীদের পাশে থেকেছেন, তাদের মধ্যে কাউকে প্রার্থী করা হোক। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, নজরুল ইসলামকে মনোনয়ন দিলে আসনে জয়লাভ করা প্রায় অসম্ভব হবে।


দলের মনোনয়নপ্রাপ্ত নজরুল ইসলাম বলেন, “আমি মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছি। দল আমাকে দেখেশুনে প্রার্থী করেছে। স্থানীয় নেতারা হয়তো আবেগের বশে এসব মন্তব্য করছেন। আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।”

Leave Your Comments