নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার: সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে

Date: 2025-11-10
news-banner

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, দেশের ভবিষ্যৎ আসন্ন নির্বাচনের ওপর নির্ভর করছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য কমিশন “জিহাদ” ঘোষণা করেছে। তিনি দৃঢ়ভাবে বলেন, “আসন্ন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচন।”


সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন তিনি।


আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, “অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।” তিনি ভোটগ্রহণ কর্মকর্তাদের আহ্বান জানান, জনগণের আস্থা অর্জনই প্রধান লক্ষ্য। নির্ভয়ে ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে, দেশ তাদের পাশে আছে।


কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। তারা মাঠে দায়িত্ব পালনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, ভোটকেন্দ্র গণতন্ত্রের প্রতিচ্ছবি, তাই দায়িত্বে কোনো অবহেলা চলবে না।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা অঞ্চল) মোহাম্মদ আজিজুল ইসলাম।

Leave Your Comments