নরসিংদী-১: খায়রুল কবির খোকন বললেন, মাফিয়া সরকারের পতনের পর গণতান্ত্রিক সরকার আসছে

Date: 2025-11-10
news-banner

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন সোমবার (১০ নভেম্বর) সকাল নরসিংদী সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে বলেন, “মাফিয়া সরকারের পতন হয়েছে। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।”


তিনি আরও বলেন, “এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের শিক্ষা গ্রহণ করে সুন্দর এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বিতর্ক সৃষ্টি হয়, তবে নির্বাচন কমিশনকে জনগণের সামনে জবাবদিহি করতে হবে।”


মনোনয়ন পাওয়ার পর থেকেই জনগণের মধ্যে বিপুল উৎসাহ এবং গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে বলেও উল্লেখ করেন খোকন। তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে। নির্বাচিত হলে আমরা ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব।”


খোকন অভিযোগ করেন, “কিছু দল জানে, নির্বাচন হলে তাদের জামানত যাবে। এজন্য তারা নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে। তবে জনগণ এগুলো দেখে চূড়ান্ত বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ইতিহাস তাদের স্থান দেখাবে।”


এ সময় নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া এবং জেলা বিএনপি, শহর বিএনপি ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave Your Comments