সাভারের আশুলিয়ায় শ্রমিকদের বকেয়া বেতন দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

Date: 2025-11-10
news-banner

সাভারে ৪টি কারখানার শ্রমিক বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন, মহাসড়ক অবরোধে পুলিশি হস্তক্ষেপ


সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ৪টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর দাবিতে সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে বিক্ষোভে নেমেছেন।


শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক কয়েক ঘণ্টা ধরে অবরোধ করে বিক্ষোভ চালান। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরায়।


শ্রমিকদের অভিযোগ, গত ২২ অক্টোবর হঠাৎ করেই গোল্ডটেক্স লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস, সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং ফ্যাক্টরি লিমিটেড এবং এক্টর স্পোর্টিং লিমিটেড কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। বন্ধের আগে থেকেই তিন মাসের বেতন বকেয়া ছিল। বারবার আশ্বাস দেওয়া হলেও বকেয়া বেতন পরিশোধ করা হয়নি।


আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “শান্তভাবে শ্রমিকদের সড়ক থেকে সরাতে গেলে তারা ইটপাটকেল ছুড়ে পুলিশকে লক্ষ্য করে। পরে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”


ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, এই চারটি কারখানার মধ্যে তিনটির আড়াই মাস এবং একটির দুই মাসের বেতন বকেয়া রয়েছে।


মালিকপক্ষ চেষ্টা করছে কারখানাগুলো পুনরায় চালু করতে। যদি সফল না হন, সরকারি নিয়ম অনুযায়ী কারখানা বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।

বিক্ষোভ চলাকালীন মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 


তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকরা কোনো সংঘর্ষের আগ্রহী নয়, তাদের একমাত্র দাবি—বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা চালু করা।

Leave Your Comments