বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জাতীয় নির্বাচন এবং গণভোট সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুতই সরকার প্রকাশ করবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলো যেখানে একমত নয়, সেখানে তারা নিজ উদ্যোগে একমত হওয়ার চেষ্টা করুক। তবে সাত দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো সেই প্রক্রিয়া অনুসরণ করেনি। এজন্য সরকার এখন নিজেদের মধ্যে বসে আলোচনা করে সর্বোত্তম সমাধান ঘোষণা করবে। তিনি আরও বলেন, “সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার কোনো বিষয় নেই, তবে সরকারের দায়িত্ব হলো অচলাবস্থা কাটিয়ে তোলা।”
তিনি জানান, নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং সরকারের লক্ষ্য হলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইসিকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে।
রিজওয়ানা বলেন, “সরকারের দরজা সকলের জন্য খোলা রয়েছে। যদি রাজনৈতিক দলগুলো পুনরায় আলোচনায় বসে, তাও স্বাগত জানানো হবে। তবে এবার সরকার নিজ অবস্থান স্পষ্টভাবে জানাবে। নির্বাচনের প্রস্তুতি দেশের জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে নেওয়া হচ্ছে।”