থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

Date: 2025-11-10
news-banner

থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্ত উপকূলে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত সাতজন রোহিঙ্গা মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মালয়েশিয়ার কোস্টগার্ড ১৩ জনকে উদ্ধার করেছে, যার মধ্যে দু’জন বাংলাদেশি রয়েছেন। তবে শতাধিক মানুষ এখনও নিখোঁজ।


কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩০০ রোহিঙ্গা ও বাংলাদেশি দুই সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করে। পরে তারা কয়েকটি ছোট নৌকায় ভাগ হয়ে মালয়েশিয়ার দিকে রওনা হয়। ডুবে যাওয়া নৌকাটি মালয়েশিয়ার লাংকাউই দ্বীপের কাছে ডুবে যায়।


রোববার (৯ নভেম্বর) থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং মালয়েশিয়ার কোস্টগার্ড জানিয়েছে, অভিযান সম্প্রসারিত হয়ে এখন ১৭০ থেকে ২৫৬ বর্গ নটিক্যাল মাইল এলাকায় চলছে এবং অন্তত সাত দিন চলবে। উদ্ধার করা মরদেহ একজন রোহিঙ্গা নারীর বলে নিশ্চিত করেছে বারনামা।


ডুবে যাওয়া নৌকায় প্রায় ৭০ জন যাত্রী ছিল, তবে অন্যান্য নৌকার অবস্থান এখনও অজানা। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর হত্যাযজ্ঞের পর লাখো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

Leave Your Comments