মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিক অন্তত ২ হাজার ডলার করে ‘লভ্যাংশ’ পাবেন। তিনি বলেছেন, এই নীতি দেশের অর্থনীতিকে আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী করবে।
রোববার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, শুল্কের বিরোধিতা যারা করছে তারা ‘বোকা’, এবং উচ্চ আয়ের মানুষ ছাড়া সবাই ২ হাজার ডলারের লভ্যাংশ পাবেন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, শুল্ক আরোপের প্রাথমিক প্রভাব হবে সরকারি রাজস্ব বৃদ্ধি, তবে দীর্ঘমেয়াদে লক্ষ্য হলো দেশের শিল্প ও উৎপাদন খাত পুনরুজ্জীবিত করা এবং বাণিজ্যে ভারসাম্য আনা। লভ্যাংশ বিভিন্ন রূপে দেওয়া হতে পারে, যেমন কর হ্রাস বা বাতিল।
তবে ট্রাম্পের এই শুল্কনীতি নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকরা বলেন, বিদেশি পণ্যের ওপর শুল্ক বাড়ানো সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। সুপ্রিম কোর্টেও এই নীতি নিয়ে মামলা হয়েছে। ট্রাম্প দাবি করছেন, শুল্কের ফলে বিদেশি ব্যবসা যুক্তরাষ্ট্রে বিনিয়োগে আগ্রহী হচ্ছে এবং এটি দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।