আবু জাফর বিশ্বাস, বরিশালঃ বরিশালে ক্রমেই বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। অপহরণ, ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে জেলায় ৫৭৭টি এবং মহানগর এলাকায় ২৩টি—মোট ৬০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
রোববার সকালে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেল্লাল হোসাইন ও পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন।
সভায় জানানো হয়, গত অক্টোবর মাসে বরিশাল জেলায় মোট ৪৩২টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় ১৪৭টি এবং জেলার বিভিন্ন উপজেলায় ২৮৫টি। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল যথাক্রমে ১৬১ ও ১৮৬। ফলে অক্টোবর মাসে জেলায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে মেট্রোপলিটন এলাকায় পাঁচটি অপহরণের ঘটনা ঘটেছে, যা সেপ্টেম্বরে ছিল মাত্র একটি। ধর্ষণের ঘটনায় সামান্য হ্রাস পেলেও উদ্বেগ রয়ে গেছে—সেপ্টেম্বরে ১৫টি ধর্ষণের বিপরীতে অক্টোবরে ঘটেছে ১৩টি।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে যাতে কোনো অপরাধ না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, কোনো রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে আন্দোলন করা যাবে না।