গাড়ি সংকটে টহল ব্যাহত, চাপে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

Date: 2025-11-09
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশালঃ বরিশাল মহানগরে পুলিশের টহল কার্যক্রমে দেখা দিয়েছে মারাত্মক যানবাহন সংকট। কোনো কোনো দিন পুরো থানার দায়িত্ব সামলাতে হয় একটি মাত্র জিপে। ফলে অপরাধ দমন, মিটিং-মিছিল নিয়ন্ত্রণ, এমনকি রাতের টহলেও হিমশিম খাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বিএমপি সূত্রে জানা যায়, বর্তমানে পুলিশের হাতে রয়েছে ৫৮টি সরকারি গাড়ি ও অনুদানসহ মোট ৮০টি যানবাহন। এর মধ্যে আছে ১টি এপিসি (জলকামান), ১টি রেকার, ১টি বাস, ১টি ট্রাক, ২৭টি ডাবল কেবিন জিপ ও পিকআপ, ১৭টি অপারেশনাল গাড়ি এবং ৭৭টি মোটরসাইকেল।

তবে এসব যানবাহনের বড় একটি অংশ পুরনো ও বিকল হয়ে পড়েছে। অনেক সময় সচল রাখতে একটি গাড়ির যন্ত্রাংশ খুলে আরেকটি চালু রাখা হয়।

একজন এসআই বলেন, রাতভর টহল দিতে হয়, কিন্তু গাড়ি পাওয়া যায় না। আগে প্রয়োজনে রিকুইজিশন নেওয়া যেত, এখন সেটাও কঠিন। কখনো কখনো পায়ে হেঁটে টহল দিতে হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন বলেন, নির্বাচন সামনে রেখে সব যানবাহন সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিকল গাড়িগুলো দ্রুত মেরামত চলছে, পাশাপাশি নতুন গাড়ির আবেদন পাঠানো হয়েছে।

এদিকে, নির্বাচন ঘনিয়ে আসায় নগরবাসীর মধ্যে বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। নগরের বাসিন্দা কামরুল হাসান বলেন, রাতে কোনো দুর্ঘটনা বা অপরাধ ঘটলে পুলিশ না এলে মানুষ আতঙ্কিত হয়। টহল গাড়ি না থাকলে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।

বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, নির্বাচনের নিরাপত্তা ও টহল কার্যক্রম নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত গাড়ির প্রয়োজনীয়তার কথা সদর দপ্তরে জানানো হয়েছে। আশা করছি, নির্বাচনের আগেই কিছু নতুন যানবাহন পাওয়া যাবে।


২৫ বছর আগে প্রতিষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ শুরুতে ছিল এক কোতোয়ালী থানায় সীমাবদ্ধ। এখন চারটি থানায় (কোতোয়ালী, কাউনিয়া, বন্দর ও বিমানবন্দর) কাজ করছে বিএমপি। কিন্তু জনসংখ্যা ও অপরাধ বেড়েছে, বাড়েনি যানবাহন। ফলে আধুনিক নগর পুলিশের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত ও সচল টহল পরিবহন নিশ্চিত করা।

Leave Your Comments