আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ১৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাইয়ের পর নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কারো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে, অর্থাৎ আগামী ২৭ নভেম্বরের মধ্যে, লিখিতভাবে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর জানাতে হবে।
এর আগে ৬ নভেম্বর ইসি মোট ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। নতুন ১৬টি সংস্থা যুক্ত হওয়ায় নির্বাচনী পর্যবেক্ষণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সংখ্যা দাঁড়ালো ৮২টি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে এবং নির্বাচনের আগে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হতে পারে।