কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান”

Date: 2025-11-08
news-banner

ঢাকা, ৮ নভেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান সতর্ক করেছেন, দেশ অস্থিতিশীল হলে পতিত বা পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে। তিনি অন্তর্বর্তী সরকারকে ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।

বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের সঙ্গী কারো ভূমিকা দেশের বহু মানুষের অধিকার ও সুযোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি পতিত ও পলাতক অপশক্তিকে কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

তারেক রহমান আরও জানান, নির্বাচনে জয়ী হলে স্বল্প আয়ের মানুষদের জন্য ৫০ লাখ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ এবং তরুণদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া কারিগরি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের বন্ধনকে জাতীয় ঐক্য হিসেবে উল্লেখ করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের দাবী পূরণের আশ্বাস দেন।

সম্মেলনে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ও মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের প্রতিনিধিরা।

Leave Your Comments