আবু জাফর বিশ্বাস, বরিশালঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সাত মাস ধরে ফলাফলের অপেক্ষায় রয়েছেন। অষ্টম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে চলতি বছরের ১৬ এপ্রিল, কিন্তু এখনো ফলাফল প্রকাশ করা হয়নি। এতে শিক্ষার্থীরা চাকরির আবেদন ও মাস্টার্সে ভর্তি—দুই ক্ষেত্রেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের শিক্ষকদের গাফিলতি ও প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একজন শিক্ষার্থী বলেন, প্রতিবারের মতো এবারও ফলাফলের জন্য শিক্ষকদের পেছনে ঘুরছি। সময়মতো পরীক্ষা শেষ হয় না, ফলাফলও আসে না। এতে আমরা চাকরির সুযোগ হারাচ্ছি।
আরেক শিক্ষার্থী জানান, অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হওয়ার স্বপ্ন এখন অধরাই। জুনের পর থেকে যত চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, আমরা কেবল অপেক্ষায় আছি।
বিভাগীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা কমিটির সভাপতি আব্দুল আলিম বাছির ফলাফল প্রকাশে আগ্রহী ছিলেন, কিন্তু প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় তা সম্ভব হয়নি। তিনি বলেন, যথাযথ সহায়তা পেলে এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব।
এদিকে বিভাগীয় চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বর্তমানে শিক্ষা ছুটিতে আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশিকুর রহমান জানান, পরীক্ষা কমিটির দুই শিক্ষকই শিক্ষা ছুটিতে থাকায় কিছুটা দেরি হচ্ছে। তবে দ্রুত ফলাফল প্রকাশের চেষ্টা চলছে।