জামায়াতে ইসলামী ও জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ (জাগপা) সমমনা আটটি রাজনৈতিক দল আগামী ১১ নভেম্বর ঢাকার সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে। গণভোটসহ তাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে তারা এই পদক্ষেপ নেবে বলে জানানো হয়।
শনিবার (৮ নভেম্বর) জাগপার ঢাকা মহানগর কার্যালয়ে আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বৈঠকে নেতারা আগামী ১১ নভেম্বরের সমাবেশ সফল করার আহ্বান জানান। তারা বলেন, “গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে হবে। দাবি না মানা হলে ১১ তারিখের জনসভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন্দ, খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন ও সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির মুসা বিন ইজহার চৌধুরী, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হাক্কানি, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আন্দোলনরত আট দলের পাঁচ দফা দাবি হলো:
-
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন।
-
আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চকক্ষে প্রতিনিধি ন্যায্য (PR) পদ্ধতি চালু করা।
-
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
-
বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার করা।
-
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
নেতারা বলেন, বিএনপি আলোচনা করতে রাজি না হলে তারা দেশের স্বার্থে নিজেরাই আলোচনায় অংশ নেবে। কিন্তু গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেওয়ার চেষ্টা কোনো ফল দেবে না।