যুক্তরাষ্ট্রকে ‘আশীর্বাদ’ আখ্যা দিলেন সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা

Date: 2025-11-08
news-banner

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বান্দার বলেছেন, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমানে ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে দৃঢ়। মিয়ামিতে অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরাম-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে “একটি আশীর্বাদ” আখ্যা দিয়েছেন।

রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বলেন, “সৌদি আরব মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বার। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা এখানে সহজে ব্যবসায়িক সুযোগ পেতে পারেন। আমাদের সম্পর্ক এখন প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা চাই যুক্তরাষ্ট্র সফল হোক, আর আমরা পাশে থাকব।”


তিনি সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, একসময় এটি শুধুমাত্র জ্বালানি ও প্রতিরক্ষা খাতে গড়ে উঠেছিল, কিন্তু এখন ব্যবসা, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আরও দৃঢ় হয়েছে। এছাড়া, সিরিয়া, গাজা ও সুদানের পরিস্থিতিতে সৌদি আরবের ভূমিকার প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি।

প্রিন্সেস রিমা আরও বলেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রের ইকোসিস্টেমের সম্প্রসারিত অংশ হতে চায়। “আমরা আলাদা কোনো সত্তা নয়, বরং যুক্তরাষ্ট্রের সহযোগী হতে চাই। কেউ একা সফল হতে পারে না, আমাদের লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাফল্য নিশ্চিত করা।”


তিনি বিনিয়োগকারীদের জন্য সৌদি আরবের সুবিধার কথা তুলে ধরে জানান, “এখানে স্বল্পমূল্যে জমি, সহজলভ্য জ্বালানি এবং পর্যাপ্ত মানবসম্পদ পাওয়া যাবে।”

মিয়ামিকে লাতিন আমেরিকার প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “এটি সৌদি আরবের জন্য সম্ভাবনাময় ও আকর্ষণীয় কেন্দ্র। আমরা অতীতে দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক সম্ভাবনাকে যথাযথভাবে বিবেচনা করি নি, কিন্তু এখন তা পরিবর্তিত হচ্ছে।”

Leave Your Comments