নারায়ণগঞ্জের খেয়াঘাটে ট্রলার থেকে পড়ে তরুণের মৃত্যু

Date: 2025-11-08
news-banner

মোঃ জাকির সিকদার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের **শীতলক্ষ্যা নদীতে ট্রলার থেকে পড়ে ১৮ বছর বয়সী তরুণ জয়কৃষ্ণের মৃত্যু হয়েছে। মরদেহটি শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালসংলগ্ন ১নং খেয়াঘাট থেকে উদ্ধার করা হয়।

নিহত জয়কৃষ্ণ নরসিংদী জেলার বিশ্বজিৎ সাহার ছেলে। তিনি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় একটি ডাইলপট্টির দোকানে চাকরি করতেন এবং পরিবারের সঙ্গে বন্দরের আমীন হাউজিংয়ে ভাড়া বাসায় থাকতেন।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, শুক্রবার রাতে টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামার সময় তার পা ফসকে নদীতে পড়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, “শুক্রবার রাতে নিখোঁজের পর রাতভর খোঁজাখুঁজি চললেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে পুনরায় অভিযান শুরু করলে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।”

Leave Your Comments