জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত কারও সাথে আপস করবে না। তিনি জানিয়েছেন, দেশের সমাজকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করে ন্যায়-ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা হবে।
শুক্রবার রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“জামায়াত শুধু প্রতিশ্রুতির রাজনীতি করে না। আমরা কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারাবদ্ধ। নির্বাচনের আগে কেউ দেশকে বিদেশের স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতি রাখে না। এবার এমন প্রতিশ্রুতিবাজদের ভোট দিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না।”
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এদেশ কারো নির্দেশনা অনুযায়ী চলবে না। দেশ পরিচালনায় তারা স্ব-নির্ভর ও আত্মসম্মানের সঙ্গে যুব সমাজকে নেতৃত্ব দিতে প্রস্তুত।
“আমরা চাই এমন একটি যুব সমাজ গড়ে তুলতে যা সরকারের মুখাপেক্ষী থাকবে না, বরং স্বতঃপ্রণোদিতভাবে দেশের উন্নয়নে কাজ করবে।”
জামায়াত আমির আরও বলেন, অতীতের বৈরিতা ও বিভ্রান্তির কারণে দেশ বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে আছে।
“এবার সময় এসেছে দেশের ভাগ্য পরিবর্তনের। ইতিবাচক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যেতে হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, ঢাকা মহানগর উত্তরের সচিব শাহ আলম তুহিন, কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন ও মিরপুর পূর্ব থানার সেক্রেটারী ওয়াহিদুল ইসলাম সাদী।
ডা. শফিকুর রহমানের আহ্বান, দেশ ও জাতির কল্যাণে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।