এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই: আমীর খসরু

Date: 2025-11-08
news-banner

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের কোথাও গণভোটের কোনো বিধান নেই। তাই গণভোট আয়োজনের দাবি বাস্তবসম্মত নয়। ভবিষ্যতে সংসদে পাস করে সংবিধানে গণভোটের ধারা যুক্ত করা হলে তখন এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন,

“বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই। তাই কথায় কথায় গণভোটের দাবি তুলে রাস্তায় নামার কোনো যৌক্তিকতা নেই।”

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, কোনো দাবিকে কেন্দ্র করে অহেতুক উত্তেজনা সৃষ্টি না করতে।

“কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা হবে না। যদি কোনো রাজনৈতিক দল এমন কর্মসূচি দেয়, তার বিপরীতে দেশের প্রধান দলও প্রতিক্রিয়া জানাবে, তাতে সংঘর্ষ বাধতে পারে,” বলেন বিএনপির এই নেতা।

আমীর খসরু আরও বলেন, দীর্ঘ আলোচনার পর যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা সম্মান করা উচিত। আর যেগুলোতে ঐকমত্য হয়নি, তার সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত।

তিনি অভিযোগ করে বলেন,

“কয়েকটি রাজনৈতিক দল জনগণের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে চায়। এটি গণতন্ত্রের পরিপন্থী।”

সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন,

“জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারে, তবে সরকারের দায়িত্বই হবে সিদ্ধান্ত নেওয়া।”

একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন,

“জুলাই সনদের বাস্তবায়নের ওপর এখনো কোনো স্বাক্ষর হয়নি। সরকার একতরফাভাবে এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় বিরোধ তৈরি হয়েছে।”

Leave Your Comments