নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষা ব্যবস্থায় সংস্কার না করা ও শিক্ষকদের প্রতি বৈষম্য দূর না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
শনিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন,
“সরকারকে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসে তাদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নিতে হবে। আর মনে রাখবেন— হাসিনার মতো আর কোনো শিক্ষকের গায়ে হাত তুলবেন না!”
হান্নান মাসউদ আরও বলেন, “শিক্ষক সমাজকে অবমূল্যায়ন করা মানে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাকে অবমূল্যায়ন করা। শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার ও শিক্ষকদের মর্যাদা পুনরুদ্ধার ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়।”
এ সময় তিনি দাবি করেন, জাতীয় নাগরিক পার্টি আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় গিয়ে শিক্ষকদের সকল ন্যায্য দাবি বাস্তবায়ন করবে।
“এনসিপি আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে। আমাদের লক্ষ্য— শিক্ষা ও শিক্ষক মর্যাদা পুনরুদ্ধারের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়া,” বলেন তিনি।
এর আগে কাঙ্ক্ষিত দশম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা নতুন করে আন্দোলনে নেমেছেন।
তাদের মূল তিন দাবি হলো—
১️⃣ সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীতকরণ,
২️⃣ চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন,
৩️⃣ শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।
এ আন্দোলনে অংশ নিচ্ছে আরও কয়েকটি সংগঠন—
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন),
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি,
এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।