দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালন করবেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা দেওয়া হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামছুদ্দিন মাসুদ বলেন,
“আমাদের সচিব ও উপদেষ্টাদের হয়তো কলম নেই, তাই সহকারী শিক্ষকদের প্রজ্ঞাপনে তারা সই করতে পারছেন না। আজ আমরা তাদের উদ্দেশ্যে কলম সমর্পণ করছি, যেন তারা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করেন।”
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
-
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম-শাহীন) সভাপতি আবুল কাসেম,
-
সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি,
-
সহকারী শিক্ষক সমিতির সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা,
এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক প্রাথমিক শিক্ষক।
শিক্ষকরা জানান, পুলিশের উপ-পরিদর্শক, নার্স, ইউনিয়ন পরিষদ সচিবসহ অনেক কর্মকর্তা দশম গ্রেডে বেতন ভাতা পেলেও, উচ্চ ডিগ্রিধারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনো ১১তম গ্রেডে রয়েছেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা পে-কমিশনে ফেরত পাঠানো হয়, এবং দুই মাসেও কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে শিক্ষকরা এবার কলম বিসর্জন আন্দোলনে নেমেছেন।
তিন দফা দাবি:
-
সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান।
-
১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড-সংক্রান্ত সমস্যার সমাধান।
-
শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর থেকে শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি পালন করলেও তা পরে স্থগিত করা হয়। এবার নতুনভাবে আন্দোলন শুরু হয়েছে শাহবাগ থেকে।