ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র — সরকারি শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে।
দেশজুড়ে অভ্যন্তরীণ রুটে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং হাজার হাজার ফ্লাইট ঘন্টার পর ঘন্টা দেরিতে ছাড়ছে।
বিবিসি ও এএফপি–র খবরে বলা হয়েছে, সরকারি কর্মী সংকটের কারণে অন্তত ৪০টি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসি।
ওয়াশিংটনের রেগান ন্যাশনাল বিমানবন্দরে গড়ে ফ্লাইটগুলো ২৪০ মিনিট (৪ ঘণ্টা) দেরিতে পৌঁছাচ্ছে।
পরিবহনমন্ত্রী সিন ডেফি জানান, “এখন পর্যন্ত ৪ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে, তবে পরিস্থিতি এমন থাকলে আগামী সপ্তাহে এই হার ১০ শতাংশে পৌঁছাতে পারে।”
আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেলটা এয়ারলাইনস কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত ও বিনামূল্যে ফ্লাইট পরিবর্তনের সুযোগ দিয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটওয়্যার জানায়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫,৩০০টির বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে।
রেগান বিমানবন্দরে ১৭ শতাংশ ফ্লাইট বাতিল এবং ৪০ শতাংশ দেরিতে ছাড়ে।
৩৮ দিন ধরে চলা সরকারি শাটডাউনের কারণে প্রায় ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার নিরাপত্তা কর্মকর্তা বেতন ছাড়া কাজ করছেন, ফলে অনেকেই কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না।
গত বৃহস্পতিবার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তারা দ্বিতীয় সপ্তাহেও কোনো বেতন পাচ্ছেন না, যার ফলে বিমানবন্দরের কার্যক্রমে তীব্র বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
এদিকে পরিবহনমন্ত্রী সতর্ক করে বলেছেন, “যদি সরকার শাটডাউন বন্ধ না করে, তবে আমি ২০ শতাংশ ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।”