নিজস্ব প্রতিবেদক: মোঃশান্ত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করছে যাতে জাতীয় নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে।
বিএনপির পক্ষ থেকে গণভোটে সমর্থন জানানো সত্ত্বেও সরকার ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল তার বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশে প্রয়োজনীয় যে সংস্কারের কথা বলা হচ্ছে, তার সূচনা করেছিলেন জিয়াউর রহমান।
তিনি মন্তব্য করেন, বিএনপি যে সংস্কারের কথা বলেছে বা 'নোট অব ডিসেন্ট' দিয়েছে, তা জুলাই সনদে লিপিবদ্ধ করা উচিত।
বিএনপি মহাসচিব আরও দাবি করেন, জিয়াউর রহমান তার সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশে নতুন স্বনির্ভরতার পথ তৈরি করেছিলেন। এ সময় তারেক রহমানের দেওয়া সংস্কারের কাজই ঐকমত্য কমিশন শুরু করে বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব সতর্ক করে বলেন, যদি ভোট বানচালের চেষ্টা হয়, তাহলে দেশের জনগণ তা মেনে নেবে না।
তিনি অভিযোগ করেন, "কয়েকটি দল একজোট হয়ে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
একটি রাজনৈতিক দল কয়েকটি ছোট দলকে নিয়ে জোট গঠন করেছে, যারা নির্বাচনের আগেই সরকারকে গণভোট আয়োজনের জন্য চাপ দিচ্ছে।
গণভোট ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে—গণভোট যদি হয়, তবে সেটি অবশ্যই নির্বাচনের দিনই হতে হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "দেশের মানুষ আর কোনো প্রহসনের সুযোগ দেবে না।
সমাবেশ শেষে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি কাকরাইল, মালিবাগ, মৌচাক ও বাংলামোটর অতিক্রম করে কারওয়ানবাজারে গিয়ে শেষ হয়।